রাঙ্গুনিয়ায় বন বিভাগের বিশেষ অভিযানে প্রায় পাঁচ একর রিজার্ভ ফরেস্টের জমি জবরদখলের হাত থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইছামতী রেঞ্জের ঠান্ডাছড়ি মৌজা এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রাতে হাছান নামে এক ব্যক্তি ওই পাহাড়ে অবৈধভাবে একটি ঘর নির্মাণ করেন। এরপর আশপাশের সেগুনবাগানসহ মূল্যবান গাছসমৃদ্ধ প্রায় পাঁচ একর বনভূমি দখলের চেষ্টা চালায় একটি চক্র। প্রাথমিকভাবে অবৈধ স্থাপনা তৈরি করে পরে তা চড়া মূল্যে বিক্রির পরিকল্পনা ছিল তাদের। তবে বনকর্মীদের নিয়মিত নজরদারির কারণে তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি।
সংবাদ পেয়ে ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমানের নির্দেশনায় এবং ইছামতী বিট কর্মকর্তা মেহেদী হাসান রনির নেতৃত্বে বনকর্মীরা বুধবার বিকেলে সেখানে অভিযান চালান। অভিযানে অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দিয়ে প্রায় পাঁচ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা হয়। অভিযানের খবর পেয়ে দখলদারেরা পালিয়ে যায়। এর আগে গত ১ সেপ্টেম্বর একই এলাকায় অভিযান চালিয়ে এক একর বনভূমি দখলমুক্ত করেছিল বন বিভাগ। সরকারি বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।











