ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও জাতীয় পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার আইসিইউর মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না এ তথ্য দেন।
ডা. বান্না বলেন, মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আগের দিন থেকেই তার অবস্থার অবনতি হয়েছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। তেমন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। খবর বিডিনিউজের।
সোমবার গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেইট এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে বন্ধুরা তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, বিষক্রিয়ার সমস্যার কারণে পাকস্থলী ধৌত করা হয়েছিল। প্রথমে তাকে হাসপাতালের ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর বেডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একই ভবনের পঞ্চম তলার আইসিইউতে স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, চিকিৎসকরা মনে করেছেন তাকে আইসিইউতে নেওয়া দরকার। বিকাল থেকে তার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। এ কারণেই চিকিৎসকরা সেখানে দিয়েছেন।












