রাঙ্গুনিয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে ‘শিলক ফকিরা ঘাট মানবিক টিম’–এর উদ্যোগে একটি নিরাপদ সুপেয় পানির কুলার স্থাপন করা হয়েছে। প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এই জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। গত বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে কুলারটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
প্রতিষ্ঠানে নিরাপদ পানির সুব্যবস্থা হওয়ায় মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ মো. শহিদুল আমিন মুরাদ শিলক ফকিরা ঘাট মানবিক টিমের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা একটি অত্যন্ত প্রশংসনীয় ও জনকল্যাণমূলক উদ্যোগ। এ ধরনের মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি মানবিক টিমের সদস্যদের ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সহযোগিতা কামনা করেন।
এ সময় মানবিক টিমের অন্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসার দাতা সদস্য ও উপদেষ্টা হোসেন সওদাগরের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়। মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।












