রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে আয়োজিত চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। জেলার মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় রাঙ্গামাটি সদর উপজেলা ও বিলাইছড়ি উপজেলা। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে পরে খেলা টাইব্রেকারে গড়ায়। এতে রাঙ্গামাটি সদর উপজেলাকে ৪–৩ গোলে পরাজিত করে বিলাইছড়ি উপজেলা দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বিজয়ী বিলাইছড়ি দলের সোহাগ বাবু সেরা গোলদাতা, অজান্ত চাকমা সেরা খেলোয়াড় এবং জনি সেরা গোল কিপার নির্বাচিত হন। রাঙ্গামাটি দলের শরিফ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মামুনুর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম ভূট্টো প্রমুখ। মারী স্টেডিয়ামে বিপুল দর্শকের উপস্থিতিতে খেলা শুরুর পূর্বে আকর্ষনীয় কনসার্ট অনুষ্ঠিত হয়। উল্লেখ্য এই ফুটবল টুর্নামেন্টে রাঙ্গামাটি জেলার ১০ উপজেলা অংশ নিয়েছিল।












