প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাওয়ার ঠিক আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এ বৈঠককে রুটিন হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠক থেকে বেরিয়ে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার প্রসঙ্গ এড়িয়ে শুক্রবার রাতে ফুটবল বিশ্বকাপের ম্যাচে যুক্তরাষ্ট্রের বড় বিজয়ের প্রসঙ্গ টেনেছেন রাষ্ট্রদূত। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলে দীর্ঘমেয়াদে উপকৃত হওয়ার সুযোগ থাকার দাবিও ইঙ্গিতে তুলে ধরলেন তিনি। ক্রিস্টেনসেন বলেন, একটা খুব গুরুত্বপূর্ণ কারণে আমি এখানে এসেছি। গতরাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ একটা জয় পেয়েছে যুক্তরাষ্ট্র এবং পরবর্তী পর্বে চলে গেছি। সুতরাং আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী ও সব বাংলাদেশিকে উৎসাহিত করতে এসেছি, যাতে সামনের দিনে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন। কেননা, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে আপনাকে কখনো পস্তাতে হবে না।












