মৌরিতানিয়ার বিপক্ষে কষ্টের জয় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

ঘরের মাঠে ফিফা প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২১ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে জয়ের চেয়েও এই ম্যাচে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মেসিদের ছন্দহীন ফুটবল। ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করা এবং আক্রমণের ধার কমে যাওয়ায় দলের পারফরম্যান্স নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। মাঠে লিওনেল মেসিকে ছাড়াই প্রথমার্ধ শুরু করে আর্জেন্টিনা। তবে তার অভাব বুঝতে দেননি এনজো ফার্নান্দেস ও তরুণ তুর্কি নিকো পাজ। ১৭ মিনিটে নাহুয়েল মোলিনার ক্রস থেকে দারুণ এক শটে দলকে লিড এনে দেন চেলসি তারকা এনজো। এর ১৫ মিনিট পর ডিবক্সের বাইরে ফাউলের শিকার হন নিকো পাজ। নিজেই ফ্রিকিক নেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার এবং জাতীয় দলের জার্সিতে নিজের অভিষেক গোলটি পূর্ণ করেন। ২০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর গ্যালারির গর্জন সঙ্গী করে মাঠে নামেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার সঙ্গে নামানো হয় রদ্রিগো দি পল ও মাস্তানতুয়োনোকেও। মাঠে নামার ১০ মিনিটের মধ্যেই নিজের চেনা জাদু দেখান মেসি, কিন্তু দুর্ভাগ্যবশত তার প্রচেষ্টা প্রতিপক্ষের রক্ষণে বাধা পায়। দ্বিতীয়ার্ধে বৃষ্টি নামলে আর্জেন্টিনার খেলায় অদ্ভুত জড়তা দেখা দেয়। পুরো ৪৫ মিনিটে আর্জেন্টিনা মাত্র একটি শট নিতে সক্ষম হয়, যেখানে মৌরিতানিয়া শট নেয় ৮টি। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৪ মিনিটে) জর্ডান লেফোর্টের গোলে ব্যবধান কমিয়ে আর্জেন্টিনাকে চমকে দেয় ফিফা র‌্যাঙ্কিংয়ের ১১৫ নম্বর দলটি। ম্যাচ জিতলেও গোলরক্ষক মার্তিনেস সতীর্থদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। মধ্যপ্রাচ্য সংকটের কারণে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা বাতিল হওয়ায় শেষ মুহূর্তে মৌরিতানিয়ার বিপক্ষে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। ঘরের মাঠে আর্জেন্টিনার পরের প্রীতি ম্যাচ আগামী বুধবার ভোরে, প্রতিপক্ষ জাম্বিয়া।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ এফ.সি’র জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধপটিয়া কইশ্যা পাড়ায় এরশাদুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন