আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর দেশে মুক্তি পেল মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’। গতকাল শুক্রবার দেশের পাঁচটি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, প্রথম ধাপে রাজধানী ও নারায়ণগঞ্জের মোট পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘মাস্তুল’। এর মধ্যে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রতিদিন দুটি শো চলবে, এরমধ্যে একটি শো দুপুর ২টায় এবং অন্যটি সন্ধ্যা সাড়ে ৭টায়। একইভাবে স্টার সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ শাখাতেও থাকবে দৈনিক দুটি প্রদর্শনী। এছাড়া যমুনা ব্লকবাস্টার, লায়ন্স সিনেমা এবং নারায়ণগঞ্জ সিনেস্কোপ–এও মুক্তি পাচ্ছে সিনেমাটি। খবর বাংলানিউজের।
‘মাস্তুল’–এর গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরনির্ভর মানুষের জীবন, একাকীত্ব, মানবিক টানাপোড়েন, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম। সিনেমাটিতে মকবুল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।











