হাটহাজারীতে বসতভিটায় অনধিকার প্রবেশ করে মারধরের একটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাশের জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালত এ আদেশ দেন। চিন্ময় দাশের আইনজীবী কৃষ্ণ প্রসাদ শর্মা (কে পি শর্মা) দৈনিক আজাদীকে বলেন, আমরা জামিন চেয়ে আবেদন করলে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ৪ জুন সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে তার কেয়ারটেকার মো. নুরুল ইসলাম বাদী হয়ে আদালতে নালিশী মামলাটি করেন। এতে দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৪১/৩৭৯/৪৪৭/৫০৬ ধারা অনুযায়ী সংঘবদ্ধ হয়ে বসতভিটায় অনধিকার প্রবেশ করে মারধর ও বলপ্রয়োগের অভিযোগ আনা হয়।
আদালত সূত্র আরো জানায়, এ মামলায় সম্প্রতি চিন্ময় দাশকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তা মঞ্জুরও করেন। প্রসঙ্গত, জাতীয় পতাকা অবমাননা এবং আলোচিত চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনসহ একাধিক মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন চিন্ময় দাশ।














