রাঙ্গুনিয়ায় বাবা–মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে ব্যাটারি রিকশায় ফেরার পথে মায়ের কোল থেকে পড়ে মো. রাহাত নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে রাঙ্গুনিয়া উপজেলা সদরের জাকির হোসেন সড়কের মদিনা টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রাহাত মরিয়মনগর সৈয়দবাড়ির প্রবাসী মো. রুবেলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাহাত ইছাখালী আদিলপুর এলাকার এক প্রবাসীর বাড়িতে বাবা–মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ব্যাটারি রিকশায় করে বাড়ি ফেরার পথে মদিনা টাওয়ারসংলগ্ন এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রিদুয়ান হাসান ও একই রিকশায় থাকা মো. জামশেদ জানান, চলন্ত ব্যাটারি রিকশা থেকে হঠাৎ মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায় শিশুটি। এ সময় রিকশার একটি চাকা শিশুটির বুকের ওপর দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।












