মানিকছড়িতে কোদালের আঘাতে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

বাবার দাবি কুপিয়ে হত্যা, ধস্তাধস্তির কথা বলছেন স্বামী ও শাশুড়ি

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় পারিবারিক কলহের জেরে মাহিনূর আক্তার (২৪) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় খবর পেয়ে স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত গৃহবধূর স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে।

নিহত মাহিনূর উপজেলার গোদাতলী এলাকার আবু তাহেরের মেয়ে। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে আবুল কালামের সঙ্গে স্ত্রী মাহিনূরের ঝগড়া ও মারামারি হয়। আটক আবুল কালাম ও তার মা খাদিজা বেগমের দাবি, ধস্তাধস্তির একপর্যায়ে কোদালের আঘাতে মাহিনূরের মাথা ফেটে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে নিহত মাহিনূরের বাবা আবু তাহেরের অভিযোগ, তার মেয়েকে জামাতা আবুল কালাম নির্মমভাবে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে মাহিনূরের শাশুড়ি খাদিজা বেগমও জড়িত রয়েছেন বলে তিনি সাংবাদিকদের জানান।মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতিসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ,ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধএক ক্রিকেটারসহ চারজন সাময়িক নিষিদ্ধ