মাদকমুক্ত, নিরাপদ ও উন্নত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে বটতলী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা এলাকা থেকে মাদক ব্যবসা ও মাদকসেবন সম্পূর্ণরূপে নির্মূলে ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতির ঘোষণা দেন এবং মাদকের সঙ্গে জড়িতদের সামাজিক ও আইনিভাবে বয়কট করার সর্বসম্মত সিদ্ধান্ত নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম জেলা ও ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাসেম বক্কর। তিনি মাদক নির্মূলে সরকারি ও সামাজিক সকল স্তর থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “অপরাধীদের সংশোধন হওয়ার জন্য সর্বশেষ দুই দিনের সময়সীমা (আল্টিমেটাম) দেওয়া হলো। নির্ধারিত সময়ের মধ্যে মাদক ব্যবসা বা সেবন বন্ধ না হলে জড়িতদের এলাকা, মসজিদ, মাদ্রাসা এবং যেকোনো সামাজিক বা শুভ আচার–অনুষ্ঠান থেকে সম্পূর্ণরূপে বহিষ্কার করা হবে।” সভায় প্রধান বক্তা হিসেবে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো: নাজমুন নূর বলেন, মাদক নির্মূল করতে হলে আগে নিজেদের সোচ্চার হতে হবে। এলাকার যারা মাদক বেচে বা যারা সেবন করে তাদের নাম লিস্ট করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সভাপতিত্ব করেন সমাজসেবক মো: আইয়ুব আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২২নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আব্বাস খান। ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম.এ মালেক বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে মাদক প্রতিরোধ করতে হবে, সাথে সাথে এলাকার আরও অনেক সমস্যা আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। স্বেচ্ছাসেবক দল নেতা আলী মুর্তজা খান বলেন, মাদক নির্মূলের লড়াই আগে নিজ ঘর থেকে শুরু করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব। উপস্থিত ছিলেন আলীম উল্লা ভোলা, মো: আলমগীর, ইব্রাহিম খান, আলী আশরাফ খান, মো: শফি, আলী হাসান খান, সাদেক, বকতিয়ার, হিরু, মো: ইমরান, মো: সামাদ, হায়দার, মিন্টু, আলী আক্কাস, ইমরান শরীফ, হাসান, সানি, আসিফ, জাকির, মামুন, ফয়সাল, জাহেদ, সাইফু, সালাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।












