মাটিরাঙায় ইয়ুথ ওয়েলফেয়ার মিশনের ১১তম শারদ উৎসব

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙার ব্যাঙ মারা এলাকায় ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশের ১১তম শারদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সংগঠনটির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে ১৫০ জন ত্রিপুরা পল্লীর শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয় এবং শারদ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশের সভাপতি অনিক রায়। সুয়েল বনিক সুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমন শর্মা, প্রেসিডিয়াম সদস্য অনিক মজুমদার এবং সংগঠনের অন্যান্য কোঅপারেটর। অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গাপূজার মূল তাৎপর্য অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়। দেবী দুর্গার আরাধনা অন্যায়, অবিচার ও অকল্যাণের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা দেয়। একই সঙ্গে সত্য, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের পথে এগিয়ে যাওয়ার শিক্ষা বহন করে। এই শিক্ষাকে জীবনে ধারণ করার উপায় হলো মানবসেবায় ব্রতী হওয়া।

মানবসেবা কেবল অর্থ সাহায্যের মধ্যে সীমাবদ্ধ নয়। বিপদে মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থ ব্যক্তির যত্ন নেওয়া, অসহায়ের কথা শোনা এবং বঞ্চিত মানুষের অধিকার ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকাও মানবসেবার অংশ। ধর্ম, বর্ণ কিংবা সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার মধ্যেই মানবিকতার প্রকাশ ঘটে। ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশের একাদশ শারদ উৎসবের সামাজিক তাৎপর্যও এই মানবিক মূল্যবোধের আলোকে বিবেচ্য। শুভ শক্তির জয় কামনার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার যুক্ত হলে উৎসব হয়ে ওঠে মানবকল্যাণের প্রেরণা। মানবসেবায় ব্রতী হওয়ার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে সহমর্মী সমাজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসদরঘাটে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধচিকিৎসার মাধ্যমে বন্ধ্যাত্বকে জয় করা সম্ভব