সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন চট্টগ্রাম নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে এলাকার অসচ্ছল পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর মাইলের মাথা এলাকায় সালেহ আহমেদ বলির বাড়ি সংলগ্ন স্থানে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বন্দর থানা বিএনপির নেতা শাহনেওয়াজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রীর উপহার তুলে দেন মুহাম্মদ হানিফ সওদাগর। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের বিপদে–আপদে পাশে থাকা এবং তাদের কষ্ট লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই প্রকৃত মানবিকতা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ তাজউদ্দিন ও গোলাম হোসেন; ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, অর্থ সম্পাদক ইলিয়াস সওদাগর, সহসভাপতি আলী আজম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মনা, নগর যুবদলের সাবেক সদস্য মহিউদ্দিন, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আপ্যায়ন সম্পাদক নেজাম উদ্দিন এবং বন্দর থানা কৃষক দলের সহসভাপতি হাসান শরীফ নান্টু। এ ছাড়া আব্বাস, শাহিন, রেদোয়ানসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











