চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের শিশু রোগ বিভাগের (ইউনিট–১) সহকারী অধ্যাপক ডা. মনজুর মোর্শেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ এশা নগরীর চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ মোড় সংলগ্ন নাসিরাবাদ শাহী জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকাল ১০টায় চন্দনাইশের পশ্চিম গাছবাড়িয়ায় মফজল আহমদ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ডা. মনজুর মোর্শেদ মৃত্যুতে চট্টগ্রামের চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকা চন্দনাইশে শোকের ছায়া নেমে এসেছে। ডা. মনজুর মোর্শেদ চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাছবাড়িয়া এলাকার মরহুম মফজল আহমদের জ্যেষ্ঠ সন্তান। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। চিকিৎসা পেশায় নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে তিনি নিজ এলাকায় একজন কৃতী সন্তান হিসেবে পরিচিতি অর্জন করেন। তাঁর স্ত্রী আফরোজা খানম চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা। তাঁর বড় মেয়ে ও ছেলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ছোট মেয়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত। ডা. মনজুর মোর্শেদের মৃত্যুতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসাইন, জেনারেল সেক্রেটারি ও মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান রেজাউল করিম আজাদ গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটি ও মেডিকেল কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, হাসপাতাল ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।












