মধুমিতা তোমাকে

শামীম ফাতেমা মুন্নী | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৯:০৮ পূর্বাহ্ণ

মধুমিতা,

নিঃশ্বাসে আছো নিঃশব্দে,

মিশে আছো হৃৎস্পন্দনে প্রতিমুহূর্তে,

হৃদয়চেরা শব্দে তাই আঘাত করে না কখনো !

রাঁধাচূড়া যেমন, তেমনটিই কিছু হৃদয়,

স্বচ্ছ, সোনালী আভায় আলো ঝলমলে সে,

ছোঁয়াতেই নুয়ে পড়ে, অল্প হাওয়াতেই ঝরে পড়ে!

সবিনয় প্রার্থনা, ভাঙতে দিওনা তাকে,

উড়ে যেতে আটকাও দুহাতের আঁজলা ভরে !

কারণটা জানা না থাকলে তবে শুনে নাও

শব্দ দিয়ে বাক্য হয়, বাক্য দিয়ে কথা হয়,

যে কথায় সুর বাজে, সে কথায় প্রতিটি সম্পর্ক সাজে।

আর আশ্বাসে বিশ্বাস হয়ে কিছু সুর মনেরই কথা বলে

এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা,

সবিনয় নিবেদন, কিছুই যে লাগে না,

নিজেরই অজান্তে, মনেরই অনন্তে কিছু কথা

ভালোলাগা করে যায় রচনা……..!

পূর্ববর্তী নিবন্ধভাঙো এ বিষণ্ন প্রাচীর
পরবর্তী নিবন্ধদেশের কথা ভাবো