ইতালির ভেনিসে নবজাতক সন্তানের সামনে এক বাংলাদেশি গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রবাসী বাংলাদেশি ওই পরিবারের সঙ্গে একই ফ্ল্যাটে সাবলেটে থাকতেন।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ভেনিসের মূল ভূখণ্ড মেস্ত্রে এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। তদন্তের স্বার্থে এখন পর্যন্ত ভুক্তভোগী ও অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদপত্র ইল জিওরনালে ও টিজি–কম টোয়েন্টিফোরে প্রকাশিত সংবাদে বলা হয়, ভুক্তভোগী গৃহবধূ তার স্বামী, তিন মাস বয়সি শিশুসন্তান এবং কয়েকজন বাংলাদেশি প্রবাসীর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন।
ঘটনার দিন সন্ধ্যায় তার স্বামী কর্মস্থলে ছিলেন। এই সুযোগে একই ফ্ল্যাটের বাসিন্দা এক বাংলাদেশি যুবক গৃহবধূর ঘরে প্রবেশ করেন এবং নবজাতক শিশুর সামনেই তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর বিডিনিউজের।














