দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে। বাংলাদেশের সময় অনুযায়ী, গতকাল সোমবার রাত ৯টা ২৯ মিনিটে এই ভূমিকম্প হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাইয়াৎ কবীর বলেন, ভূমিকম্পের মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৬ কিলোমিটার পূর্ব দিকে; নারায়ণগঞ্জের রূপগঞ্জে। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা–ইউএসজিএস অবশ্য ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৪ দেখিয়েছে। ফ্রান্সভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের গভীরতা ছিল ১৬ কিলোমিটার। এর আগে গত বছর ২১ নভেম্বরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূকম্প হয়, যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে; নরসিংদীর মাধবদীতে।









