ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাত মামলা, কানুনগো কারাগারে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের এক কোটি ৬২ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাতের মামলায় জেলা প্রশাসনের এলএ শাখার কানুনগো আব্দুল কুদ্দুছকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ শুনানি শেষে এ আদেশ দেন। দুদক পিপি মুজিবুর রহমান চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে আদালত তা নাকচ করে দেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, সীতাকুণ্ডের একটি প্রতিষ্ঠানের কারখানা স্থাপনের জন্য সাহা মামুদপুর মৌজার ২৫ দশমিক ৫৫ একর ভূমি অধিগ্রহণ করে এলএ শাখা। অধিগ্রহণ করা ভূমির মালিকানার ভুয়া ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, ওয়ার্ড কাউন্সিলরের ভুয়া সনদ ও ভুয়া কাগজপত্র দেখিয়ে ২০১৪ সালের ৮ ফ্রেবুয়ারি অজয় দাশ নামের একজনকে এলএ শাখা থেকে ১ কোটি ৬২ লাখ ৯৭ হাজার ১৫৭ টাকার দুটি চেক ইস্যু করা হয়। এর মধ্যে ১৩ দশমিক ৭১ একর ভূমির ক্ষতিপূরণের জন্য ৮৯ লাখ ৫৫ হাজার ৪৬৪ টাকা ও ১১ দশমিক ৮৪ একর ভূমির ক্ষতিপূরণের ৭২ লাখ ৬৩ হাজার ৬৯৩ টাকার দুটি চেক দেওয়া হয় অজয়কে। দুটি চেকে অজয় ১ কোটি ৬২ লাখ ১৯ হাজার ১৫৭ টাকা জনতা ব্যাংক কোতোয়ালি শহীদ হোসেন সোহরাওয়ার্দী সড়ক শাখা থেকে তুলে নেন। এ ঘটনায় দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল আলম সরকার জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, কানুনগোসহ কয়েকজনের বিরুদ্ধে ২০১৭ সালের ১৯ অক্টোবর মামলাটি দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধবাসে মিলল দেড় কেটি টাকার হেরোইন
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রাম শাখার সম্মেলন আজ