বিশ্বজুড়ে কোটি পাঠকের হৃদয় জয় করা প্রখ্যাত ব্রিটিশ কথাসাহিত্যিক ও সাবেক রাজনীতিবিদ জেফরি আর্চার মারা গেছেন। সোমবার ৮৬ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আর্চারের বইয়ের প্রকাশক প্রতিষ্ঠান হারপারকলিন্স। প্রকাশনা প্রতিষ্ঠানটি জানায়, লেখার কাজ করার ফাঁকে হুট করেই শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়। খবর বিডিনিউজের। মঙ্গলবার তার সর্বশেষ উপন্যাস অ্যাডাম অ্যান্ড ইভ প্রকাশিত হওয়ার কথা রয়েছে। পাঁচ দশকের দীর্ঘ লেখালেখির জীবনে ৪৯টি ভাষায় ও ১১৯টি দেশে ৩০ কোটিরও বেশি বই বিক্রি হয়েছে এই লেখকের। তার বিখ্যাত সৃষ্টির মধ্যে রয়েছে ১৯৭৬ সালের প্রথম উপন্যাস নট আ পেনি মোর, নট আ পেনি লেস এবং ১৯৭৯ সালের কালজয়ী উপন্যাস কেইন অ্যান্ড অ্যাবেল। হারপারকলিন্স ইউকের প্রধান নির্বাহী কেট এলটন এক বিবৃতিতে বলেন, যে লেখক প্রজন্মের পর প্রজন্মকে আনন্দ জুগিয়েছেন এবং যিনি ছিলেন এক সত্যিকারের বন্ধু, তাকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। সাহিত্যকর্মের পাশাপাশি আশি ও ৯০–এর দশকে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন আর্চার।












