নগরীর পাহাড়তলী থানাধীন রাণী রাসমণি ঘাট এলাকায় ব্যাটারি রিকশা ধরতে গিয়ে চালকের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল মারা গেছেন। গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আজাদীকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত আব্দুল কুদ্দুস (৫৫) ফেনী জেলার বাসিন্দা। তিনি নগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (ট্রাফিক–পশ্চিম) সোহেল রানা বলেন, তার ছোট ছেলে সৌদি আরবে থাকেন। তিনি শুক্রবার দেশে ফিরবেন। সেদিন দাফনের জন্য আব্দুল কুদ্দুসের মরদেহ ফেনী জেলার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
জানা গেছে, গত শুক্রবার রাতে রাণী রাসমনি ঘাট এলাকায় একটি ব্যাটারি রিকশা আটক করেন কনস্টেবল আবদুল কুদ্দুস। সেটি মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নেওয়ার পথে তাকে ‘ধাক্কা’ দিয়ে রিকশা থেকে ফেলে দেন ব্যাটারি রিকশার চালক মো. জলিল। রিকশা থেকে ছিটকে পড়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান আবদুল কুদ্দুস। পরে তাকে চমেক হাসপাতালে নেওয়ার পর আইসিইউতে ভর্তি করানো হয়। স্থানীয় লোকজনের সহায়তায় ওই ব্যাটারি রিকশার চালক মো. জলিলকে পুলিশ আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা হয়েছে।










