ব্যবসায়ীর ভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন গ্রেপ্তার আরও ১

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৫:১২ পূর্বাহ্ণ

ভাটিয়ারী লিংক রোড় এলাকায় বহুতল ভবন নির্মাণে ব্যবসায়ী জসিম উদ্দিনের কাছে চাঁদা দাবি করে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করায় ২০ লাখ টাকার স্থলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও মুঠোফোনে প্রাণনাশের হুমকির প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের বড় দিঘীরপাড়ে অক্সিজেনহাটহাজারী সড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভুক্তভোগী ব্যবসায়ী তার নির্মাণাধীন বিল্ডিংয়ে শ্রমিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করার পর থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা বারবার মুঠোফোনে হুমকি দিচ্ছে। প্রথমে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হলেও মামলা করার পর সেই দাবির পরিমাণ বাড়িয়ে ৫০ লাখ টাকা করা হয়। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের সদস্যদের ক্ষতির হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন ব্যবসায়ীকে এভাবে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করা আইনশৃঙ্খলার জন্য উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীসহ পুরো পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এদিকে হামলার ঘটনায় করা মামলায় গত সোমবার দুইজন গ্রেফতার হলেও আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক আরও একজনকে পুলিশ গ্রেফতার করেছে। এ পর্যন্ত মো. আবু তালহা (২৬), মো. আসিফ (২৫), সাইদুল ইসলাম প্রকাশ আরিফ (২৪) নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আবু তালহা সিরাজগঞ্জ জেলার সদর থানার মৃত ইমাম হোসেনের ছেলে, মো. আসিফ বায়েজিদ বোস্তামী থানার ট্যানারী বটতলের ইউসুফের ছেলে এবং সাইদুল ইসলাম হাটহাজারী উপজেলার মৃত ফরিদুল আলমের পুত্র। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা (গ্রেপ্তারকৃতরা) ঘটনায় সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই সকাল ৯টার দিকে হাটহাজারীর বড়দীঘির পাড় সংলগ্ন ভাটিয়ারী লিংক রোড় এলাকায় একটি বহুতল ভবন নির্মাণ কাজকে কেন্দ্র করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। কয়েক দিন পরে প্রকাশ্যে নির্মাণাধীন ভবনের নিচে ফাঁকা গুলি ছোড়ার দাবি করেছেন সংশ্লিষ্ট ভবনের মালিক জসিম উদ্দিন নামের ওই ব্যবসায়ী। এ ঘটনায় ওইদিন রাতে ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধআজ আষাঢ়ী পূর্ণিমা
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ত্রাণসামগ্রী বিতরণ