নগরের হাজারী লেইনের এক পাইকারি ওষুধ ব্যবসায়ীকে মদের আসর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সঞ্জয় বিশ্বাস (৪০) নামে ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করে।
দণ্ডিত সঞ্জয় হাজারী লেইনের মেসার্স আর মহাশয় নামে একটি পাইকারি ওষুধের দোকানের মালিক। তিনি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দক্ষিণ সারোয়াতলী গ্রামের পদ্মপুকুর পাড় এলাকার সাবেক ইউপি সদস্য মৃত দিলীপ বিশ্বাসের ছেলে।
জানা গেছে, গত সোমবার রাতে বোয়ালখালীর দক্ষিণ সারোয়াতলী গ্রামের আইচবাড়ির পুকুরপাড়ে মদের আসর বসে। ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ অভিযান চালায় সেখানে। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ সঞ্জয় ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে। রাতেই তাদের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।
গণমাধ্যমকে সহকারী কমিশনার কানিজ ফাতেমা বলেন, পুলিশের বক্তব্য অনুযায়ী, দক্ষিণ কনজুরি (সারোয়াতলী) গ্রামে এক পূজামণ্ডপের পাশে একটি বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। তাদের পুকুরপাড়ে মদের আসর বসানো হয়। ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ গিয়ে দুজনকে ধরে ফেলে। কয়েকজন অবশ্য পালিয়ে যায়। তাদের আচরণ খুবই অসংলগ্ন ছিল। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি পরীক্ষা করে সঞ্জয়সহ দুজনকে নেশাগ্রস্ত বলে লিখিত রিপোর্ট দেন। এর ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় দুজনের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা এবং তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রাতেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।












