বোয়ালখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম। গতকাল বৃহস্পতিবার বিকেলে তারা বোয়ালখালীর ঐতিহ্যবাহী মেধস মুনির আশ্রম এবং উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা বিনাপানি পূজামণ্ডপ পরিদর্শন করেন। জৈষ্ঠ্যপুরা বিনাপানি পূজামণ্ডপটি বোয়ালখালী উপজেলার সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন পূজামণ্ডপ হিসেবে পরিচিত।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন, আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হামিদুল হক, শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান, রানু মজুমদার, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মেধস মুনির আশ্রমের মহারাজ দীপানন্দ মহারাজ এবং বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দীর্ঘদিনের সামপ্রদায়িক সমপ্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখেই দুর্গাপূজার আয়োজন সম্পন্ন করতে হবে। এ জন্য প্রশাসন, পুলিশ, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পূজাকে ঘিরে যাতে কোনো ধরনের গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক কর্মকাণ্ড পরিস্থিতি উত্তপ্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার না করার ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












