বোয়ালখালীতে দিনে দুপুরে আবদুল নবী (৪৫) নামের এক চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহষ্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার খোকার দোকান সংলগ্ন অশ্বিন চন্দ্রের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত আবদুল নবী পূর্ব গোমদন্ডী ৩ নম্বর ওয়ার্ড মুন্সিপাড়া হাজী মনিরুল ইসলাম সওগাদরের পুরাতন বাড়ির মৃত আবদুস ছবুরের ছেলে।
আবদুল নবীর ভাইপো মো. জাবেদ বলেন, তুলাতল থেকে অটোরিকশা করে দুইজন লোকাল যাত্রী খোকার দোকানের দিকে যাচ্ছিল। খোকার দোকান পার হলে অটোরিকশা থেকে চালকের পিছন দিকে এক যাত্রী এলোপাতাড়ি আমার চাচাকে কুপিয়ে জখম করেন এবং অটোরিকশাটি নিয়ে যান। এসব দৃশ্য দেখে অপর যাত্রী পালিয়ে যান।
খবর পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।











