বোরকা পরা মানুষ দেখে টর্চ লাইটের আলো জ্বালানোয় ছুরিকাঘাত

পটিয়ায় যুবক খুনে আটক ব্যক্তিকে ৫৪ ধারায় চালান

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

পটিয়ায় রাতের আধাঁরে রাস্তায় পুরুষ ও বোরকা পরা মহিলার দিকে টর্চের আলো জ্বালানোয় কাল হলো পঙ্কজ শীলের (৩৫)। পথিমধ্যে রাতের অন্ধকারে রাস্তার পাশে সন্দেহজনক ছেলে মেয়ের এমন অবস্থান দেখে তাদের লক্ষ্য করে টর্চ লাইট জ্বালালে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা দুইজনকে ছুরিকাহত করে। মঙ্গলবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পঙ্কজ শীল নামের এ যুবক নিহত হয়।

এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। ঘটনার পর মো. হামিদুর (২৮) নামের এক যুবককে স্থানীয়ারা আটক করে পুলিশে দেয়। আটক যুবক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ছয়ঘরিয়া এলাকার ইউসুফ উদ্দিনের পুত্র। গতকাল বুধবার দুপুরে তাকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয় বলে পুলিশ জানান। এ ঘটনায় বুধবার রাত ১০টা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি কেউ। একই ঘটনায় গুরুতর আহত তিলক শীল (৩৫) নামে আরও একজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার জলুয়ার দিঘীর পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পঙ্কজ শীল ওই এলাকার মিলন শীলের ছেলে।

এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল ও পটিয়া সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মো. আরিফুল ইসলাম সিদ্দিকী এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতের পরিবারের সাথে কথা বলেন।

২০২২ সলে সে বিয়ে করেন। তার স্ত্রী ও পিতা মাতা ছাড়াও তাদের পরিবারে আড়াই বছর বয়সী কৌশিকী শীল নামের এক কন্যা সন্তান রয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার রাতে পঙ্কজ শীল ও তিলক শীল স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে জলুয়ার দিঘীর পশ্চিম পাড় এলাকায় পৌঁছালে তারা ৩জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাদের মধ্যে একজন বোরকা পরিহিত ছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পঙ্কজ ও তিলক কয়েকবার টর্চলাইট মেরে তাদের দেখার চেষ্টা করেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিরা তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে পঙ্কজ ও তিলক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পঙ্কজ শীল মারা যান। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এদিকে গতকাল বুধবার রাতে নিহত পঙ্কজ শীলের মরদেহ তার গ্রামের বাড়িতে ধর্মীয় রীতি অনুযায়ী দাহ কার্য সম্পন্ন করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ছুরিকাঘাতে নিহতের ঘটনায় একজনকে আটক জিজ্ঞাসাবাদ করে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করা হবে : মেয়র
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসাল কেন্দ্রীয় ব্যাংক