বৈলছড়ীতে পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান

জড়িতরা ডাম্পার নিয়ে পালাল, এক্সকেভেটর জব্দ

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৭:০২ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া এলাকায় পাহাড় কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এঙকেভেটর জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া মিনি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় অভিযানে সহযোগিতা করে থানা পুলিশ।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ওই এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিভিন্ন স্থানে বিক্রি ও পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট ঘটনাস্থলে পৌঁছানোর খবর পেয়ে পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা মাটি পরিবহনে ব্যবহৃত মিনি ড্যাম্পার ট্রাক নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। তবে তারা পাহাড় কাটার কাজে ব্যবহৃত এঙকেভেটরটি সরিয়ে নিতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় এক্সেভেটরের চালক যন্ত্রটি লক করে পালিয়ে যান। ফলে তাৎক্ষণিকভাবে যন্ত্রটি স্থানান্তর করা সম্ভব হয়নি। পরে মোবাইল কোর্টের উদ্যোগে একজন টেকনিশিয়ান ও একটি মিনি ডাম্পার ট্রাক ভাড়া করে আনা হয়। টেকনিশিয়ানের সহায়তায় লক করা এঙকেভেটরটি সচল করে সেটি জব্দ করা হয় এবং নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে আসা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ ধ্বংসকারী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আগুনে পুড়ল ৫টি ঘর
পরবর্তী নিবন্ধহাটহাজারীর বুড়িশ্চরে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে কার্যক্রম