খাগড়াছড়ির রামগড়ে সাংগঠনিক এক নেতার মেয়ের বিয়ের দাওয়াতে এসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের তিন নেতা গ্রেপ্তার হয়েছেন। গত শুক্রবার ভোরে পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আবদুল মালেক (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বল্টুরামটিলা এলাকায় যুবলীগের এক নেতার মেয়ের বিয়েতে অংশ নিতে ওই তিন নেতা এলাকায় এসেছিলেন। শুক্রবার দুপুরে বিয়ের মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল। গত বৃহস্পতিবার রাতে তারা কনের গায়েহলুদ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে নিজ নিজ বাড়িতে ফিরলে গোপন খবরের ভিত্তিতে শুক্রবার ভোর চারটার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, গ্রেপ্তার হওয়া তিন যুবলীগ নেতার বিরুদ্ধে ২০২৩ ও ২০২৪ সালের দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে বিধি মোতাবেক তাদের আদালতে সোপর্দ করা হয়।














