বিতর্ক বিশ্লেষণ ও নেতৃত্বগুণ বিকাশের কার্যকর প্ল্যাটফর্ম

প্রিমিয়ার ভার্সিটির ৭ম পিইউডিএস গেটওয়ে সমাপনীতে উপাচার্য

| বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৭:১১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) আয়োজিত ৭ম পিইউডিএস গেটওয়ের সমাপনী অনুষ্ঠান গত ২৮ এপ্রিল সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। তিনি বলেন, বিতর্ক শুধু কথা বলার একটি মাধ্যম নয়, এটি যুক্তি, বিশ্লেষণ এবং নেতৃত্বগুণ বিকাশের অন্যতম কার্যকর প্ল্যাটফর্ম। পিইউডিএস যেভাবে ধারাবাহিকভাবে মানসম্পন্ন বিতর্ক আয়োজন করে আসছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, এই প্ল্যাটফর্ম থেকে ভবিষ্যতের দক্ষ নেতা তৈরি হবে।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। তিনি বলেন, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা তাদের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিইউডিএসের এই আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও চিন্তাশক্তি বৃদ্ধিতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর সঞ্জয় বিশ্বাস, নিলুফার সুলতানা, সাইফুদ্দিন মুন্না এবং জান্নাতুল ফেরদৌস। এতে সভাপতিত্ব করেন পিইউডিএস–এর চিফ মডারেটর জুলিয়া পারভীন। সভাপতির বক্তব্যে তিনি সকল বিতার্কিক, আয়োজক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এই আয়োজন সফল করার পেছনে সকলের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। আমরা ভবিষ্যতেও আরও বড় পরিসরে কাজ করতে চাই এবং আগামী জুন মাসে ১২তম ন্যাশনাল ডিবেট ফেস্ট আয়োজনের ঘোষণা দিচ্ছি।

শেষে অনুষ্ঠিত হয় ৭ম পিইউডিএস গেটওয়ে ডিবেট চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী পর্ব। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রতুস দল (তাহসীন ইরফান, তাসমিয়া জাহান ও তাহেরা জান্নাত ইমু)। অপরদিকে রানার–আপ হয় সিএস ডায়ালেক্টিক দল (আবিদ ওয়ালিদ, রোহিত ও মুমিন)।

ব্যক্তিগত পারফরম্যান্সে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন মোবারক হোসেন সজীব এবং ডিবেটার অব দ্য ফাইনাল নির্বাচিত হন তাহসীন ইরফান। মোস্ট প্রমিসিং ডিবেটার হন আয়মান ইবনাথ ও তাসনিম আলম তাজিন এবং মোস্ট মেরিটোরিয়াস ডিবেটার হন প্রিতোষ দাস ও প্রিন্স শিকদার।

চ্যাম্পিয়ন ও রানার–আপ দলসহ অংশগ্রহণকারী সকল বিতার্কিকদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন পিইউডিএসের বর্তমান অ্যাডহক কমিটির সদস্য ফজল আল মাহমুদ অয়ন ও সিফাত নূর চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে জলাবদ্ধতা নিরসনে মতবিনিময়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে অস্ত্র বেচাকেনার অভিযোগে ৩ জন গ্রেপ্তার