চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাইমদসহ মোঃ এস্কান্দার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহিদনগর এজাহার মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম৷ গ্রেপ্তার এস্কান্দার বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহিদনগর এলাকার এজাহার সওদাগরের বাড়ির নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে আসামির বাড়িতে অভিযান চালিয়ে তার শোনার ঘর থেকে ২০০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম বলেন, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে আদালতে সোপর্দ করা হয়।














