জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। একজন যাত্রীর লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৪ পয়সা বাড়ানো হয়েছে। এ হিসাবে কম দূরত্বে লঞ্চের ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ানো হয়েছে।
গতকাল বুধবার লঞ্চের ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়, যা গত মঙ্গলবার থেকে কার্যকরের কথা বলা হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে গত বৃহস্পতিবার ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ায় সরকার। তবে দূরপাল্লা ও মহানগরে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়লেও ঢাকা ও চট্টগ্রামে বাস–মিনিবাসের সর্বনিম্ন ভাড়া আগের মতোই যথাক্রমে ১০ ও ৮ টাকা বহাল রাখা হয়। খবর বিডিনিউজের। গতকাল লঞ্চের ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বেড়ে ২ টাকা ৯৫ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে তিন টাকা বাড়িয়ে ৩২ টাকা করা হয়েছে।
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার চড়তে থাকার প্রেক্ষাপটে গত ১৮ এপ্রিল চার ধরনের তেলের নতুন দর বাড়ায় সরকার। তখন ডিজেলের লিটারপ্রতি দাম ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা করা হয়।














