বালুর গর্তে পড়ে শিশুর মৃত্যু

নতুন ব্রিজ এলাকায় দুর্ঘটনা

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

নগরীর নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে তানজিদ () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে নতুন ব্রিজের পাবলিক টয়লেটের পেছনে একটি বালু বিক্রির সেলস সেন্টারের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বাকলিয়া থানার এসআই মো. ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত তানজিদ ময়মনসিংহ জেলার ফরিদের ছেলে। পরিবারের সঙ্গে তিনি নতুন ব্রিজ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাবা পেশায় চালক। অভাবের সংসারে তানজিদের মা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ভিক্ষা করতে বের হন তানজিদের মা। পরে বাসায় ফিরে সন্তানকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর সোমবার ভোরে স্থানীয়রা বালু বিক্রির একটি পয়েন্টের গভীর গর্তে শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ, বালু বিক্রির ওই গদি বা সেলস পয়েন্টটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সেখানে গভীর গর্ত তৈরি হয়েছে। সময়ের সঙ্গে গর্তটির গভীরতা আরও বেড়েছে। কোনো ধরনের নিরাপত্তাবেষ্টনী না থাকায় এটি শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা বলেন, দ্রুত গর্তটি ভরাট কিংবা নিরাপত্তাবেষ্টনী দেওয়া না হলে এ ধরনের দুর্ঘটনায় আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। বাকলিয়া থানার এসআই মো. ওয়াহিদ বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপথরোধ করে ছিনতাই, ব্যাংকের কার্ড থেকে সোয়া লাখ টাকা লুট