চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট উপ–অঞ্চল নিয়ে গঠিত বকুল অঞ্চলের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়ার অধীন কাবাডি বালক বিভাগে কক্সবাজার জেলার কুতুবদিয়া মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শনিবার ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে কক্সবাজারের দলটি ৪১–২৫ পয়েন্টের ব্যবধানে কুমিল্লা উপ–অঞ্চলের দাউদকান্দি উপজেলার নৈয়ার ডা. খন্দকার মোশাররফ হোসেন স্কুলকে পরাজিত করে। এই জয়ের ফলে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণের সুযোগ পেল তারা। একই ভেন্যুতে অনুষ্ঠিত মেয়েদের ফাইনালে চাঁদপুর জেলার মৈষাদী হাই স্কুল ২০–১৩ পয়েন্টের ব্যবধানে খাগড়াছড়ি জেলার ৯ মাইল ত্রিপুরা পাড়া হাই স্কুলকে পরাজিত করে। খেলা শেষে মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ–পরিচালক মোহাম্মদ আবদুস সালাম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উপ–পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনীর সভাপতিত্বে এবং স্বাগতিক স্কুলের ক্রীড়া শিক্ষক কাজল চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুলের প্রধান শিক্ষক শাহেদা আক্তার। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক ইকবাল হোসেন ও সঞ্জয় বড়ুয়া। সহযোগিতায় ছিলেন অজন্তা বড়ুয়া, আজিজুল হক, এ কে এম গিয়াস উদ্দিন, সৈয়দ মামুনুল ইসলাম, ইরিন পারভীন ও গুলশান আরা। আজ জেলা স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে বকুল অঞ্চলের সাঁতার প্রতিযোগিতা সকাল ৮.৩০টায় অনুষ্ঠিত হবে।












