সন্তানের মুখ দেখার আনন্দ তখনো কাটেনি। যে মুখজুড়ে ছিল নবজাতককে ঘিরে হাজারো স্বপ্ন আর আগামী দিনের পথচলার পরিকল্পনা, সেই আনন্দেই শনিবার এলাকায় মিষ্টি বিতরণ করেছিলেন উৎপল নাথ। কিন্তু কে জানত, সেই আনন্দের রেশ ফুরাবার আগেই নিয়তি তার জন্য অন্য কিছু লিখে রেখেছে। মিষ্টি বিতরণের মাত্র কয়েক ঘণ্টা পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এই যুবকের। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত আনুমানিক ৮টার দিকে, উপজেলার হোছনাবাদ ইউনিয়নের ইশান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। স্থানীয় সূত্রে জানা যায়, সুধন নাথের ছেলে ৩০ বছর বয়সী উৎপল নাথ প্রকাশ উজ্জল নিজ বসতঘরের বাইরে একটি লাইটের কানেকশন দিতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
মাত্র কয়েক দিন আগে কোলজুড়ে আসা নতুন অতিথির আগমন ঘিরে যে পরিবারের প্রতিটি কোণ আলোকিত হয়ে উঠেছিল, আকস্মিক এই ট্র্যাজেডিতে সেই বাড়িটিতে এখন শুধুই মাতম। তার এমন আকস্মিক প্রয়াণে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।










