বান্দরবানের আলীকদমে পাহাড়ি শারীরিক প্রতিবন্ধী নারী হত্যা মামলায় গতকাল ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে হত্যাকারীদের ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো.এহসানুল হক। আদালত সূত্র জানায়, ২০১৮ সালে আলীকদমে আমতলী অসুথু ত্রিপুরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের পাহাড়ের ঢালুতে গাছে ফাঁস লাগানো একটি ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এটি ছিল লাকাচিং তঞ্চঙ্গ্যা নামে এক শারীরিক প্রতিবন্ধীর লাশ। ওই সময় আলীকদম থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। পরবর্তীতে পুলিশ বিস্তারিত তথ্যের ভিত্তিতে আলীকদম থানায় একটি হত্যা মামলা করে। মামলা নং-০৩, তারিখ১৫/০৪/২০১৯। পরে রাষ্ট্রপক্ষ নারী ও শিশু আদালতে একটি মামলা করে।
উক্ত মামলায় পুলিশ সন্দেহজনক ৩ আসামিকে গ্রেপ্তার করে। মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- আলীকদমের জ্বলন্তমনি পাড়ার জয়কুমার তঞ্চঙ্গ্যা (৩৫) ও আমতলীপাড়ার যহন ত্রিপুরা (৪৩)। এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবুমং কার্বারি পাড়ার ত্রিমথীয় ত্রিপুরাকে (২৫) বেকসুর খালাস দিয়েছেন আদালত। বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির বেদারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।












