দ্বিতীয় সারির দল নিয়ে ঢাকায় পা রেখে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরের স্বাগতিক বাংলাদেশকে এগিয়ে রাখলেন ভারত কোচ নওশাদ মুসা। হামজা–শমিতদের নিয়ে গড়া বাংলাদেশ তার চোখে ফেভারিট দলের একটি। ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হতে চাওয়ার কথাও জানালেন ভারত কোচ। পল্টনের জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর। উদ্বোধনী দিনে ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। একই দিনে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ থাকায় পুরো শক্তির দল নিয়ে ঢাকায় আসতে পারেনি ভারত। তাছাড়া আইএসএলের খেলা চলায় দশটি ক্লাব থেকে খেলোয়াড়ও পায়নি তারা। তবে, দশম শিরোপা জয়ের লক্ষ্য মঙ্গলবার ঢাকায় এসেই জানালেন মুসা। ‘আইএসএলে দলগুলোর ৫ নভেম্বরের পরও খেলা আছে। এ কারণে আমি এই দলগুলো থেকে খেলোয়াড় নিতে পারিনি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। তবে, যাদের পেয়েছি, মন্দ নয়। আমাদের দলও অনেক শক্তিশালী। আপনারা যদি খেয়াল করেন, এবারের টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি বাংলাদেশ। আমি জানি না, তাদের সঙ্গে কোন পর্যায়ে দেখা হবে।
তবে, আশা করি, ফাইনালে আমাদের দেখা হবে।’ মঙ্গলবার শ্রীলঙ্কা দলও ঢাকায় পৌঁছেছে। এদিন বাংলাদেশ কোচ টমাস ডুলিও শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে বসুন্ধরা এবিজি স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলন করেছেন। বাংলাদেশ প্রথম এবং সবশেষ সাফের শিরোপা জিতেছিল ২০০৩ সালে। সেবার আমিনুলরা খেলেছিলেন ঘরের মাঠে। ২০১৮ সালে সবশেষ এই প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশ। সেবার গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার হতাশা সঙ্গী হয়েছিল দলের। ২০২৩ সালে ভারতের বেঙ্গালুরুতে হওয়া প্রতিযোগিতায় সেমি–ফাইনালে উঠেছিল বাংলাদেশ। অতিথি দল কুয়েতের বিপক্ষে হেরে শেষ চার থেকে বিদায় নিয়েছিল দল।











