বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীরর বার্ষিক দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং–২৬’ আজ রোববার শুরু হচ্ছে। এ মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নেবেন। ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ মহড়ার উদ্দেশ্য হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করা এবং বাস্তব পরিস্থিতিতে একসঙ্গে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করা। ‘টাইগার লাইটনিং–২৬’–এ জঙ্গলভিত্তিক অভিযান, সন্ত্রাসবাদ দমন এবং যুদ্ধক্ষেত্রে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে উভয় দেশের সামরিক সদস্যরা একে অপরের সক্ষমতা ও কার্যপদ্ধতি সম্পর্কে আরো ভালো ধারণা লাভের সুযোগ পাবেন।
এই দ্বিপক্ষীয় মহড়া যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং বৃহত্তর নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর লক্ষ্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক সুদৃঢ় করা, সামরিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রস্তুতি জোরদার এবং যৌথভাবে কাজ করার সক্ষমতা উন্নত করা।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে ‘টাইগার লাইটনিং’ যৌথ মহড়া ২০১৭ সালে শুরু হয়। কোভিড–১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে স্থগিত থাকলেও গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ বছরের মহড়া শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের বিভিন্ন অনুশীলনের মাধ্যমে পরিচালিত হবে এবং শেষে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এঙারসাইজের (এফটিএঙ) মাধ্যমে শেষ হবে।












