বাঁশখালীর শেখেরখীলে ‘পারিবারিক বিরোধের জেরে’ ফাতেমা বেগম (২১) নামে এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন। রোববার সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহতের পরিবারের সদস্যরা জানান, শেখেরখীলের ৮ নং ওয়ার্ডের মো. এরফানুল হকের কন্যা ফাতেমা বেগম একই এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে নেজাম উদ্দিনের সাথে সর্ম্পকের জেরে গর্ভবর্তী হয়ে পড়েন। এই সম্পর্ক পারিবারিকভাবে মেনে না নেওয়ায় মামলা করা হয়। মামলার পর থেকে ফাতেমাকে নানাভাবে হুমকি দিতে থাকে বিবাদীরা। এর মধ্যে গত ২৭ জানুয়ারি ফাতেমা সন্তান প্রসব করেন। এ কারণে ফের তাকে নানাভাবে হুমকি দেয়া হয়। পরে গতকাল নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে দাবি স্বজনদের। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের বোন জোবাইদা নাহার রিকু বাদী হয়ে বাঁশখালী থানায় একটি আত্মহত্যার প্ররোচনায় মামলা করেন বলে জানান বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার। অপরদিকে সন্তানের ডিএনএ পরীক্ষার পর আগের মামলাটিও পিআইবির কাছে তদন্তাধীন রয়েছে বলে জানা যায়।











