বহদ্দারহাটে হোটেলে স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৬:৪১ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাটে হোটেলে নিয়ে গিয়ে স্ত্রীকে খুনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তার নাম মো. নেজাম উদ্দিন। পটিয়া উপজেলার বাসিন্দা তিনি। গতকাল চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। এসময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর দৈনিক আজাদীকে বলেন, যাবজ্জীবনের পাশাপাশি নেজাম উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পুরো বিচার প্রক্রিয়ায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেন বিচারক। আদালতসূত্র জানায়, ২০১১ সালে পটিয়া উপজেলার পূর্ব জিরি এলাকার বাসিন্দা নেজাম উদ্দিনের সাথে শাহনাজ বেগমের বিয়ে হয়। বিয়ের পর শাহনাজ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার কথা বলে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে তাকে পটিয়া থেকে নগরীতে নিয়ে আসেন নেজাম। তবে হাসপাতালে না নিয়ে বহদ্দারহাটের স্বজন সুপার মার্কেট সংলগ্ন হোটেল আলরেজার ৩১৯ নম্বর কক্ষে তাকে নিয়ে যাওয়া হয়। পরে ওই কক্ষ থেকেই শাহনাজের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. আজগর আলী চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে বলা হয়, ভিকটিম ঘটনার সময় ৮ মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন। তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হলে ২০১৪ সালের ১৮ মার্চ নেজাম উদ্দিনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধপরিচ্ছন্নতার সংস্কৃতি পরিবার ও বিদ্যালয় থেকেই শুরু করতে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে চারটি সড়ক নির্মাণের উদ্যোগ সরকারের