বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

সড়ক-ফুটপাত দখল

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

নগরের ব্যস্ততম বহদ্দারহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

জানা যায়, বহদ্দারহাট মসজিদের সামনে থেকে বহদ্দারহাট মোড় হয়ে শাহ আমানত সেতু সংযোগ সড়কের বহদ্দার পুকুর পাড় পর্যন্ত ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে গড়ে উঠে অস্থায়ী দোকান। দীর্ঘদিনের এসব অবৈধ অস্থায়ী দোকান ও স্থাপনার কারণে স্বাভাবিক পথচারী চলাচল ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়।

গতকালের অভিযানে এসব অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়। ফলে দীর্ঘদিনের যানজট নিরসন হয়ে পথচারীদের জন্য সড়ক স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে বলেন, জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপ্যাকেটে সিলেটের ঠিকানা, মোড়কজাত হচ্ছে চাক্তাইয়ে