মহেশখালীতে পুলিশের তৈরি ফাঁদে ধরা পড়েছে বন্দুক বিক্রি করতে আসা এক যুবক। তার নাম জাহাঙ্গীর আলম (২৯)। তিনি কালারমার ছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়া গ্রামের মৃত কালা মিয়া ওরফে আবু তাহেরের পুত্র। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান, জাহাঙ্গীর আলম নামের এক বন্দুক ব্যবসায়ী অপর এক ক্রেতাকে বন্দুক বিক্রি করতে উপজেলার কালারমার ছড়ার মিজ্জিরপাড়া বাজার এলাকায় আসবে- এমন তথ্যের ভিত্তিতে ওসির নেতৃত্বে পুলিশের চারজন এসআই আলাদা টিম নিয়ে সাদা পোশাকে বুধবার রাত ৮টা থেকে ওই বাজার এলাকায় অবস্থান নেয়। পরে রাত ১১টার কিছু সময় আগে ওই ব্যক্তি একটি সাদা ব্যাগ হাতে নিয়ে বাজারের কাছাকাছি এসে অবস্থান করতে থাকে। এ সময় মোবাইল ফোনে ওই ব্যক্তি বন্দুক কিনতে আসবে বলা লোকের সাথে কথা চালাচ্ছিলো। এক পর্যায়ে পুলিশ রাত ১১টার দিকে মিজ্জিরপাড়া বাজারের দক্ষিণ পাশে জালালের করাত কলের সামনে থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে দুইটি এলজি উদ্ধার করে পুলিশ। ওসি জানান, জাহাঙ্গীর আলম ও তার সহযোগী একই এলাকার মৃত গোলাম হোসেনের পুত্র সৈয়দুল আলম দুজন মিলে নানা অপরাধ করে আসছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর এই বন্দুকগুলো তার সহযোগী সৈয়দুল আলম কাছ থেকে নিয়ে বিক্রি করতে আসে বলে জানায়। জাহাঙ্গীর আলম একজন সিএনজি চালিত টেঙির ড্রাইভার। তিনি এ পেশার আড়ালে ওই সহযোগীকে সাথে নিয়ে অবৈধ বন্দুকের ব্যবসা ও সাগরে দস্যুতা করে আসছিলো। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৩টি ও সৈয়দুল আলমের বিরুদ্ধে কঙবাজার সদর থানায় একটি অস্ত্র মামলাসহ ২টি মামলা রয়েছে। বন্দুক উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে এই দুইজনের বিরুদ্ধে আরও একটি মামলা করবে।













