বন্দরের ওয়ানস্টপ ভবনের সামনে আজ অনশন

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের দাবি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৮:২০ পূর্বাহ্ণ

দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে অনশনে যাচ্ছেন বন্দরের শ্রমিকরা। আজ সোমবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্দরের ওয়ানস্টপ ভবনের সামনে এই কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। সরকারদলীয় জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতৃত্বাধীন এই পরিষদ ইজারা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে।

গত বৃহস্পতিবার ঢাকার ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে এ সংক্রান্ত কনসেশন চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ঈসা কাজিম চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। তাদের দাবি, বন্দরের গুরুত্বপূর্ণ ও লাভজনক এই টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে।

এনসিটি ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বন্দরের শ্রমিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পেশাজীবীরা। এ সময় প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, মশাল মিছিল, গোলটেবিল বৈঠক ও পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। তবে আন্দোলনকারীদের আপত্তির মধ্যে চুক্তি সই করে বন্দর কর্তৃপক্ষ।

চুক্তি স্বাক্ষরের দিন বৃহস্পতিবারও চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ করেন শ্রমিক নেতারা। দাবি মেনে নেওয়ার জন্য রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন তারা। তবে গতকাল বিকাল পর্যন্ত সরকারপক্ষ থেকে আলোচনার কোনো আহ্বান আসেনি বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, দাবি আদায়ে সোমবার (আজ) বন্দরের ওয়ানস্টপ ভবনের সামনে ৫ ঘণ্টার গণ অনশন কর্মসূচি পালন করা হবে।.

পূর্ববর্তী নিবন্ধদিল্লিতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন
পরবর্তী নিবন্ধতিন মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮%