চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জহিরুল আনোয়ার (৭৬) নামের এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ জুন (শনিবার) সকাল সাড়ে ৬টার দিকে ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডে অবস্থিত তাঁর নিজ বাসভবনের সিঁড়িতে ঝুলন্ত অবস্থায় এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পরে ফটিকছড়ি থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছি, তিনি জায়গাজমির বিষয় নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন।”
নিহতের ছেলে খালেদ জানান, তাঁর পিতা জহুরুল আনোয়ার সম্প্রতি তাঁর এক আত্মীয়ের কাছে কিছু জায়গা বিক্রি করেছিলেন। সেই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে চরম মানসিক শান্তিতে ভুগছিলেন। এছাড়া তাঁর অন্য কোনো পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা ছিল না।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘরের সিঁড়িতে তাঁর নিথর দেহ ঝুলতে দেখে ফটিকছড়ি থানা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
বর্ষীয়ান এই বীর মুক্তিযোদ্ধার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডসহ পুরো উপজেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।












