ফটিকছড়িতে দরিদ্র নারী ও বেকার যুবকদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার স্থানীয় ‘শান্তি’র হল রুমে এই কার্যক্রমের সূচনা হয়।প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর তত্ত্বাবধানে এবং ‘ইকোনমিক এমপাওয়ারমেন্ট অব পুওর উইমেন অ্যান্ড আনএমপ্লয়েড ইয়ুথ’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। প্রকল্পের আওতায় প্রতি ৩ মাসে মোট ৫৪ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে ৪টি কারিগরি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সগুলো হলো কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই মেশিন চালানো, মাশরুম চাষ এবং হস্তশিল্প প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলাকালীন শিক্ষার্থীদের প্রতিদিনের নাস্তা ও যাতায়াত ভাড়া দেওয়া হবে এবং কোর্স শেষ করার পর শান্তি সংস্থার প্রকল্পের পক্ষ থেকে এককালীন আর্থিক ভাতা প্রদান করা হবে।সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্য, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা অদ্বৈত রায়, নির্বাহী পরিচালক ফুল কুমার ত্রিপুরা, শান্তির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক বেলাল উদ্দিন, মন্নান উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ। বক্তারা বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। বেকার যুবসমাজ ও নারীরা এই কারিগরি শিক্ষা কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন এবং দেশের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।












