প্রিমিয়ার ভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন ফেস্টের দ্বিতীয় পর্ব

| মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক পর্যায়ের একাডেমিক প্রোগ্রাম ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বি.. (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব লজ (এলএল.বি. অনার্স), বি.এস.এস. (অনার্স) ইন ইকোনমিক্স এবং বি.এসসি. ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এর অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্তি উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে অ্যাক্রেডিটেশন ফেস্টের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে চসিক মেয়র ও প্রিমিয়ার ভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন। ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশে একমাত্র প্রিমিয়ার ইউনিভার্সিটিই বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে সর্বপ্রথম পাঁচটি স্নাতক পর্যায়ের একাডেমিক প্রোগ্রামের অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ অর্জন করেছে। এটি ইউনিভার্সিটি ও চট্টগ্রামবাসীর জন্য অত্যন্ত গর্বের ও গৌরবের। তিনি এই অর্জন বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষা, দক্ষ শিক্ষকবৃন্দ এবং যুগোপযোগী পাঠ্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতে আন্তর্জাতিক মান বজায় রেখে আরও নতুন প্রোগ্রাম অ্যাক্রেডিটেশনের আওতায় আনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, এই অ্যাক্রেডিটেশন অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, এই অ্যাক্রেডিটেশন শুধু একটি সনদ নয়, বরং এটি ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রমের গুণগত মানের স্বীকৃতি। তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় শুরু থেকেই শিক্ষার উৎকর্ষ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পাঠদান, গবেষণা ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদেরকে দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, ইউনিভার্সিটির বৈশ্বিক পরিচিতি ও সুনাম অর্জনের জন্য এই অ্যাক্রেডিটেশন সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষকদেরকে এব্যাপারটি শিক্ষার্থীসহ সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই সাফল্য প্রমাণ করে যে, প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষকশিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এই অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১২ মার্চ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক সভায় সনদগুলো বিতরণ করা হয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষকদের সঙ্গে নিয়ে সনদগুলো গ্রহণ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের অনুকূলে একটি কনফিডেন্স সার্টিফিকেটও প্রদান করা হয়। অ্যাক্রেডিটেশন ফেস্টের দ্বিতীয় পর্বে ব্যবসায় প্রশাসন বিভাগ, সিএসই বিভাগ, ইংরেজি বিভাগ, আইন বিভাগ, অর্থনীতি বিভাগ, ইইই বিভাগ, স্থাপত্য বিভাগ, গণিত বিভাগ, সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগ, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগ, পাবলিক হেলথ বিভাগ, ইউটিএস কলেজ বাংলাদেশ, আমেরিকান কর্নার, আইকিউএসি, লাইব্রেরি, প্রক্টরিয়াল বডি অ্যান্ড কমপ্লেইন্ট কমিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, ইনস্টিটিউট রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস (আইআরপি), প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, ডিরেক্টরেট অব স্টুডেন্টস’ ওয়েলফেয়ার, প্রিমিয়ার ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ ও ইনফরমেশন ডেস্ক প্রভৃতি স্টল স্থাপনের মাধ্যমে তাদের কার্যক্রম সবিস্তারে তুলে ধরে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাজুস চট্টগ্রাম শাখার নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন