প্রবাসীদের ভালোবাসায় মুগ্ধ অর্ণব-সুনিধি

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ১০:১০ পূর্বাহ্ণ

বাংলা গান ও সংস্কৃতির আবহে প্রবাসীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে কানাডায় আয়োজন করা হয়েছে ‘হোক কলরব কানাডা’। আয়োজনে অংশ নিতে প্রথমবারের মতো কানাডায় গেছেন সংগীতশিল্পী দম্পতি সায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক। তাদের গান শুনতে কানাডার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। এরই মধ্যে হোক কলরব কানাডা আয়োজনের দুটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন অর্ণব ও সুনিধি। গত ৮ ও ১৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছে তাদের দুটি শো। দুই আয়োজনেই দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল বলে জানিয়েছেন অর্ণব। সামনে আরও দুটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে। প্রথমবারের মতো কানাডায় গিয়ে প্রবাসী দর্শকদের ভালোবাসায় মুগ্ধ অর্ণব। তিনি বলেন, প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা গান ও সংস্কৃতির আবহে আনন্দময় সন্ধ্যা উপহার দেওয়াই ছিল আয়োজনের উদ্দেশ্য। শত শত প্রবাসী ভাই এখানে হাজির হয়েছেন। আমি আর সুনিধি গাইলাম, মন্ত্রমুগ্ধ হয়ে দর্শকরা শুনলেন। আয়োজনে শুধু গান পরিবেশন নয়, প্রবাসীদের সঙ্গে বাংলা সংস্কৃতির একটি আবেগঘন সংযোগ তৈরিরও চেষ্টা ছিল বলে জানান অর্ণব। দেশের বাইরে থেকেও বাংলা গান, সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে প্রবাসীদের যে গভীর সম্পর্ক রয়েছে, আয়োজনের মধ্য দিয়ে সেটিই যেন আরও একবার সামনে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় পর্বে রেকর্ড সংখ্যক রেজিস্ট্রেশনের লক্ষ্য চট্টগ্রামের
পরবর্তী নিবন্ধআইয়ুব বাচ্চুর স্মৃতি বাঁচাতে অ্যালবাম, মিউজিয়াম, কনসার্টের উদ্যোগ