প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ৬:২২ অপরাহ্ণ

অবশেষে দীর্ঘদিন পর আবারও বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলছে মালয়েশিয়া। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর এই ঘোষণা এলো। আগামী দুয়েক মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে এ কথা জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, খুব দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়ে সুখবর আসবে। তবে এবার মালয়েশিয়া নয়, বাংলাদেশই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। তাই সিন্ডিকেট ও দুর্নীতি এড়াতে সরকার ও এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের সতর্কবার্তা, স্বচ্ছতা নিশ্চিত না হলে আবারও জনশক্তি রফতানিতে ধাক্কা আসতে পারে।

এর আগে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে ২০০৮ সালে শ্রমবাজার বন্ধ হওয়ার পর ২০১৬ সালে আবার চালু হয়। পরে দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া আবারও বন্ধ করে মালয়েশিয়া।

এরপর আবার ২০২২ সালের আগস্ট থেকে আবার কর্মী যাওয়া শুরু হয়। তবে ২০২৪ সালের ১ জুন আবারও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। এরপর দুই দেশের মধ্যে বিভিন্ন শর্ত শিথিল নিয়ে আলোচনা চলতে থাকে।

গত ২০২৪ সালে মালয়েশিয়ায় যেতে না পারা ৭ হাজার ৮৭৩ জন কর্মীকে পাঠানোর দায়িত্ব সরকারি সংস্থা বোয়েসেলকে দেয়া হয়েছে। এখন পর্যন্ত তাদের মধ্যে প্রায় ৩ হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে পেরেছেন। বাকি কর্মীদের বিষয়েও দ্রুত পৃথক সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরেও দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব পায়। দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে আইনি জটিলতা দ্রুত কাটিয়ে শ্রমবাজার আবারও চালুর ঘোষণা এলো। এতে করে প্রবাস গমনেচ্ছুদের মনে কিছুটা হলেও স্বস্তি এসেছে।

পূর্ববর্তী নিবন্ধদুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহ কমেছে, কর্ণফুলী গ্যাস এলাকায় স্বল্পচাপের আশঙ্কা
পরবর্তী নিবন্ধরাতের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়, বজ্রসহ অতিভারি বৃষ্টির শঙ্কা