এক ভিন্নরকম ঈদ উদযাপন করলেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আলহাজ্ব মোস্তফা–হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম। ঈদের দ্বিতীয় দিন উত্তর কাট্টলীর নিজ বাড়িতে পরিবারের সকল সদস্যদের নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে পালিত হলো মনজুর আলমের ঈদ। নগরীর রৌফাবাদ এলাকায় অবস্থিত রৌফাবাদ সরকারী মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, সরকারী শিশু পরিবার (বালিকা) ও ছোটমনি নিবাসে বসবাসরত প্রত্যেকটি প্রতিবন্ধিসহ বসবাসরত সকল অসহায় ছেলে–মেয়েদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় নিজ বাড়িতে এনে নানারকম আয়োজনের ব্যবস্থা করেন সাবেক মেয়র মনজুর আলম। দিনভর প্রতিবন্ধি ও অসহায় ছেলে–মেয়েদের ঈদের নানারকম খাবার পরিবেশন ছাড়াও ছিল বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। দেয়া হয়েছে ঈদের সালামিও। এ সময় মনজুর আলম বলেন, প্রতিবন্ধি হওয়ার ফলে এসব শিশুদের জীবন–যাপন একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে আবদ্ধ। আবার কিছু কিছু ক্ষেত্রে তারা পরিবারেরও বোঝা হয়ে দাঁড়িয়েছে। সরকারি এ–প্রতিষ্ঠানে এদের রেখে যাওয়ার পর খুব কম পরিবার এদের খোঁজখবর রাখে। আমি মনে করি একটা সুন্দর পরিবেশ, বিনোদন তথা তাদেরকে সঙ্গ দেয়া উচিৎ। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের দরকার। আমরা এ–ধরনের শিশুদের পরিবার থেকে আলাদা না রেখে পরিবারের সাথে রেখেই এদের পরিচর্যা করতে পারি। এ সময় উপস্থিত ছিলেন, মোস্তফা–হাকিম গ্রুপ, মোস্তফা–হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোসনে আরা–মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, মোস্তফা–হাকিম পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, সরকারী মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপ পরিচালক আবুল কাসেম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












