নগরের দেওয়ানহাট পোস্তারপাড় মোড়ে সড়ক ও ফুটপাত থেকে প্রায় ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ ও ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম সিটি কপোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।
একই অভিযানে পোস্তারপাড় এলাকায় মশার লার্ভা উৎপাদনে অনুকূল পরিবেশ সৃষ্টি করে জনজীবন ঝুঁকিগ্রস্ত করার দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে বলেন, উচ্ছেদকৃত দোকানগুলো সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসানো হয়। এতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এছাড়া অপরিচ্ছন্নভাবে দোকান পরিচালনা ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।












