পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে পুঁজি করে এ শিল্পকে ধ্বংসের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মনে হয়। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।’ গতকাল সোমবার সকালে ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খবর বিডিনিউজের।
সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।’
ইতোমধ্যে প্রায় ৬০০ কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে দাবি করে তিনি বলেছেন, ‘শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার জন্য গভীর কোনো ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।’ এ বিষয়ে মালিক–শ্রমিকসহ সব পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান শফিকুর রহমান।












