কক্সবাজারের পেকুয়ায় কাঠুরিয়ার ছদ্মবেশে মাদক ব্যবসার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৭ পিস ইয়াবা, এক বোতল দেশীয় তৈরি মদ ও নগদ ২০ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন বারবাকিয়া ইউনিয়নের নাজিরপাড়া এলাকার আবদুল সোবহানের ছেলে দেলোয়ার (৪৮) এবং পেকুয়া পৌরসভার সাবেকগুলদি এলাকার মৃত কবির আহমদের ছেলে বাদশা মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই দুই ব্যক্তি জারুলবুনিয়া এলাকায় অবস্থান করছিলেন। স্থানীয়দের অভিযোগ, তারা পাহাড়ি এলাকায় কাঠুরিয়ার কাজের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ও মদ বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবার সকালে এলাকা ছেড়ে যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা, মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এরপর স্থানীয়রা তাদের পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় জনতা দুই ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। তাদের কাছ থেকে ৭৭ পিস ইয়াবা, এক বোতল দেশীয় তৈরি মদ ও নগদ ২০ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।













